প্রধান খবর

ভারতে জিম থেকে বের হতেই হরিয়ানভি গায়ককে ২৫ সেকেন্ডে ১২ গুলি

ভারতের উত্তর প্রদেশের শামলিতে এক দুর্ধর্ষ ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান (৩৫)। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে একটি জিম থেকে বের হয়ে নিজের গাড়ির দিকে যাওয়ার সময় মাত্র ২৫ সেকেন্ডের ব্যবধানে চার অস্ত্রধারী হামলাকারী তাঁকে লক্ষ্য করে একের পর এক ১২ রাউন্ড গুলি ছুড়ে হত্যা করে। পুরো নৃশংস ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়তেই অঞ্চল জুড়ে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীরা .৩০ ও .৩২ ক্যালিবারের পিস্তল ব্যবহার করে অতর্কিত হামলা চালায়। গুলিবিদ্ধ অঙ্কিতকে উদ্ধার করে দ্রুত স্থানীয় কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। শামলির স্থানীয় বাসিন্দা অঙ্কিতের ইউটিউবে ৩ লক্ষ৬৮ হাজারের বেশি সাবস্ক্রাইবার ছিল। অবাক করার মতো বিষয় হলো, সামাজিক মাধ্যমে বন্দুক ও শত্রুতা নিয়ে গান পরিবেশন করা এই শিল্পীর মৃত্যুর ঠিক দুই ঘণ্টা আগে নিজের ইনস্টাগ্রামে দেওয়া শেষ গানটির কথা ছিল “রাস্তায় হত্যা করো”-যার সঙ্গে তাঁর নিজের মর্মান্তিক পরিণতি এক ভয়াবহ ও অনাকাঙ্ক্ষিত কাকতালীয় ঘটনা হিসেবে দেখা দিয়েছে।

এদিকে এই হত্যাকাণ্ডের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে ভারতের কুখ্যাত ‘গোগি গ্যাং’। তাদের দাবি, অঙ্কিত প্রতিপক্ষ অপরাধী চক্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন এবং তাঁদের কেন্দ্র করে গান রচনা করেছিলেন। অন্য একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ভবিষ্যতে আরও এমন ঘটনার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ ইতোমধ্যে অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে অপরাধীদের ধরতে বিশেষ টিম গঠন করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *