চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছে পাঁচ শিশু। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চর চাকলা গ্রামে পদ্মার শাখা নদী হিসেবে পরিচিত ‘মরা পাগলা’ নদীতে গোসল করতে নেমে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। একসংগে এতগুলো শিশুর অকাল প্রয়াণে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে তীব্র শোক ও বিষাদের ছায়া।
নিহত শিশুরা হলো-স্থানীয় বাসিন্দা মো. মাসুদের দুই কন্যা সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের দুই কন্যা সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র কন্যা শরীফা (১২)। নিহতরা সকলেই পরস্পরের আত্মীয় ও প্রতিবেশী বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ প্রাপ্তবয়স্ক পুরুষ ও স্বজনরা মসজিদে অবস্থান করছিলেন। এই সুযোগে পরিবারের অজান্তে দুপুরের দিকে শিশুগুলো একসঙ্গে নদীটির পানিতে গোসল করতে নেমেছিল। সাধারণত শুষ্ক মৌসুমে এই মরা নদীটিতে তেমন কোনো পানি থাকে না এবং নদীর তলদেশে ফসল চাষ করা হয়। তবে সম্প্রতি অতিরিক্ত বৃষ্টিপাত ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে খাল-বিল ও এই শাখা নদীটি কানায় কানায় ভরে যায়। সাঁতার না জানার কারণে এবং হঠাৎ নদীর পানির গভীরতায় চলে যাওয়ায় শিশুরা আর তীরে উঠতে পারেনি।
নামাজ শেষে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর পাড়ে তাদের জামাকাপড় ও জুতো পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর এলাকাবাসী দ্রত নদীতে নেমে উদ্ধার তৎপরতা চালান এবং একে একে পাঁচ শিশুর নিথর দেহ পানি থেকে উদ্ধার করেন। শিশুদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক এবং পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। স্বজনদের আহাজারিতে বর্তমানে চর চাকলা গ্রামের পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছে।

