বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে অনলাইনে এ আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
বদলি আবেদনের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল জানিয়েছে, যোগ্য শিক্ষকরা মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।
বদলি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পাবেন। নিজ জেলায় শূন্য পদ না থাকলে নিজ বিভাগের অন্য জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে। পাশাপাশি স্বামী বা স্ত্রীর নিজ জেলা কিংবা নির্ধারিত কর্মস্থলের জেলাতেও বদলির আবেদন করা যাবে।
প্রাপ্ত আবেদনগুলো বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করা হবে। এরপর কর্তৃপক্ষ বদলির ভিত্তিতে পদায়নের আদেশ জারি করবে।
নির্দেশনা অনুযায়ী, বদলিকৃত শিক্ষক কোনো টিএ/ডিএ পাবেন না। আদেশ জারির ১০ দিনের মধ্যে বর্তমান প্রতিষ্ঠান থেকে অবমুক্ত হতে হবে এবং অবমুক্তির পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
বদলি-সংক্রান্ত তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

