প্রধান খবর

অস্ট্রেলিয়ায় টেস্ট কাভার করা সাংবাদিকদের সংবর্ধনা : বিএমএফএ নতুন কমিটি

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম ঐতিহাসিক টেস্ট জয় কাভার করতে আসা ১৪ জন বাংলাদেশি সাংবাদিককে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়া। সম্প্রতি সিডনির ল্যাকেম্বা ফাংশন হলে আয়োজিত এই বিশেষ সম্মাননা সন্ধ্যায় ডারউইনে অনুষ্ঠিত টেস্ট কাভারেজে আসা সাংবাদিকদের পাশাপাশি বাংলাদেশি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত স্থানীয় ক্রিকেটার, সংগঠক ও ক্রিকেটপ্রেমীদেরও বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন স্থানীয় লর্ড মেয়র মার্টিন জাইতার।

সংবর্ধনাপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে বিশেষ অবদানের জন্য জ্যেষ্ঠ আলোকচিত্রী শামসুল হক টিংকুকে ‘লাইফটাইম সম্মাননা স্মারক’ ও বিশেষ সংসদীয় সনদ প্রদান করা হয়। এ ছাড়া পেশাগত দায়িত্ব পালন করা অন্যান্য বিশিষ্ট ক্রীড়া সাংবাদিকদেরও সম্মানিত করা হয়। অনুষ্ঠানে ক্রিকেটে অবদানের জন্য স্থানীয় তরুণ ক্রিকেটার আরিফুল হাসান সবুজ, সংগঠক আতিকুর রহমান সজীব এবং বাংলাদেশের খ্যাতনামা ক্রিকেট সমর্থক শোয়েব আলীকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। ঐতিহাসিক এই বিজয় উদযাপন ও ক্রীড়া সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রবাসে বাংলাদেশি গণমাধ্যম ও ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয়।

একই অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের এই সংগঠনের নতুন পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক হুমায়ুন কবির রোজ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন। নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে প্রবাসে সাংবাদিকদের পেশাগত যোগাযোগ বৃদ্ধি ও ঐক্য সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কমিউনিটির বার্তা ছড়িয়ে দিতে সংগঠনটি ভবিষ্যতে ‘অসবিডি টিভি’ নামে একটি বিশ্বমানের অনলাইন সংবাদ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়ার কথা প্রকাশ করেছে। এটি মূলত অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সংবাদ, প্রবাসী বাঙালিদের অর্জন, সংস্কৃতি ও খেলাধুলাকে গুরুত্ব দিয়ে ডিজিটাল মাধ্যম হিসেবে কাজ করবে। নতুন এই উদ্যোগটি অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিদের সাথে নিজ দেশের এক নতুন সেতু বন্ধন তৈরি করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *