ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি। বুধবার (১৯ আগস্ট) উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর মাহদি মৌলায়ী আরানি উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান শিক্ষা ও গবেষণা সহযোগিতা, ভাষা ও সাংস্কৃতিক বিনিময় এবং ফারসি ভাষা শিক্ষার কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি, সৌর প্রযুক্তি, চিকিৎসা ও ফার্মেসিসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি দুই পক্ষের যৌথ পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং ভিজিটিং প্রফেসর, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সামাজিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে একাডেমিক ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে ইরানি রাষ্ট্রদূত শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ইরানি অধ্যাপক নিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
এর আগে ইরানি রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন।

