প্রধান খবর

গাইবান্ধায় হাত ছেড়ে মোটরসাইকেল চালিয়ে ভিডিও করার সময় প্রাণ গেল যুবকের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ধারণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে শাওন মিয়া (২৫) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট আঞ্চলিক সড়কের পিয়ারাপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মিয়া পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য মোটরসাইকেল স্টান্ট ও বিভিন্ন কৌশলের ভিডিও কনটেন্ট তৈরি করছিলেন।

ঘটনার দিন সকালে পিয়ারাপুর এলাকায় চলন্ত মোটরসাইকেলের হাত ছেড়ে ভিডিও ধারণের চেষ্টা করছিলেন তিনি। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, স্থানীদের দেওয়া তথ্যানুযায়ী হ্যান্ডেল ছেড়ে বিপজ্জনকভাবে বাইক চালানো এবং ভিডিও রেকর্ড করার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *