সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং সাইবার ল্যাবের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী অক্টোবরে ঢাকা ও চট্টগ্রামে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব উদ্বোধন করা হবে।
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের জন্য বিশেষায়িত ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন ও অবকাঠামো তৈরির কাজ চলছে। সিআইডি জানিয়েছে, ইউনিট গঠনের জন্য গত ২১ সেপ্টেম্বর গেজেট প্রকাশিত হয়েছে। পাশাপাশি সাইবার নিরাপত্তায় আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় আলোচনা চলছে।
সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সাইবার অপরাধে ১৯১টি মামলা হয়েছে। এ সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১০১ জনকে। অপরাধ তদন্তে কর্মকর্তাদের প্রশিক্ষণ বাড়ানোর পাশাপাশি দেশব্যাপী প্রশিক্ষক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ৩৩২ জন পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।
পুলিশের বিভিন্ন ইউনিটে সাইবার অপরাধ তদন্তের সক্ষমতা বাড়ানো হচ্ছে। ডিএমপির গোয়েন্দা শাখায় সাইবার ল্যাব রয়েছে এবং সিটিটিসিতে ফরেনসিক ল্যাব চালুর অনুমোদন দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অনলাইন প্রতারণা, হ্যাকিং, ব্ল্যাকমেইল ও ডিপফেকের মতো অপরাধ মোকাবিলার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে।

