প্রধান খবর

গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের ঝটিকা অভিযান: নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯

গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অত্যন্ত ব্যস্ততম স্থান চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত একটি বহুতল ভবনের আবাসিক হোটেলে এই অতর্কিত অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বহুতল ভবনটির ওই হোটেলে অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল।

অভিযোগ রয়েছে, ইতিপূর্বে বারবার বিষয়টি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দফতরকে জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। মাঝে মাঝে অভিযান পরিচালিত হলেও পরবর্তীতে আবারও গোপনে শুরু হতো এসব কার্যক্রম। তবে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কালিয়াকৈর থানা পুলিশ মঙ্গলবার রাতে আবারও জোরদার অভিযান চালায়। সেখান থেকে হাতেনাতে ৩৯ জনকে আটক ও পরবর্তীতে গ্রেফতার দেখানো হয়।

অভিযানের বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাভিত্তিক এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *