নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান জোরদার করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আট মাসে মোট ৭৪৪টি মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে ২ কোটি ৮৩ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা জরিমানা এবং সাতটি কারাদণ্ড দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, পোড়াতেল ও অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার, অনিবন্ধিত ব্যবসা পরিচালনা এবং খাদ্যকর্মীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসনদ না থাকার মতো অনিয়ম শনাক্ত হয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলার হোটেল-রেস্তোরাঁ, বেকারি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়।
আইন প্রয়োগের পাশাপাশি আট মাসে এক হাজার ৩০৭টি খাদ্যস্থাপনা পর্যবেক্ষণ এবং এক হাজার ২১০টি খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করেছে বিএফএসএ। পরীক্ষার আওতায় ছিল বোতলজাত পানি, ভোজ্যতেল, দুধ ও দুগ্ধজাত পণ্য, মসলা, শিশুখাদ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিএফএসএর সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, খাদ্য উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহন ও বিপণনের প্রতিটি পর্যায়ে নজরদারি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। জেলা পর্যায়সহ দেশব্যাপী অভিযান সম্প্রসারণ এবং ক্ষতিকর উপাদানের ব্যবহার রোধে গবেষণা ও কারিগরি কার্যক্রম জোরদার করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

