আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আলবেনিয়ার রাজধানী তিরানায় শিক্ষা ও সামাজিক বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে ইট ও কংক্রিটের টুকরা নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, উচ্চশিক্ষার ব্যয়, আর্থিক সহায়তা এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির দাবিতে এ আন্দোলনের আয়োজন করা হয়। বিক্ষোভ একপর্যায়ে সহিংস রূপ নিলে কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।

আন্দোলনকারীদের অভিযোগ, দেশটিতে সামাজিক বৈষম্য ক্রমেই গভীর হচ্ছে। ধনী ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যবধান বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন বলে দাবি করেছেন তাঁরা। একই সময়ে ফ্রান্সেও শিক্ষকসংকট, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত দুরবস্থার প্রতিবাদে আন্দোলন চলছে।

এদিকে আলবেনিয়ার উপপ্রধানমন্ত্রী আলবানা কোচিউ বিক্ষোভের নামে সহিংসতার সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সহিংসতা কখনো সমস্যার সমাধান হতে পারে না। সরকারি সম্পদ ধ্বংস কিংবা পুলিশের ওপর হামলার পরিবর্তে শান্তিপূর্ণভাবে দাবি জানানোর ওপর গুরুত্ব দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *