ইরানকে চীন কিংবা রাশিয়া কোনো ধরনের উল্লেখযোগ্য সহায়তা দিচ্ছে বলে বিশ্বাস করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানকে সহযোগিতা করলে মস্কো ও বেইজিংয়ের অনেক কিছু হারানোর আশঙ্কা রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তার রাজনৈতিক বিরোধীরা চীন ও রাশিয়ার বিরুদ্ধে ইরানকে সহায়তার অভিযোগ তুললেও তিনি তা বিশ্বাস করেন না বলে জানান।
ট্রাম্পের দাবি, দেশ দুটি ইরানকে সহায়তা করলেও সেটি অত্যন্ত সীমিত পর্যায়ের হতে পারে। প্রকৃতপক্ষে বড় ধরনের সহযোগিতা দেওয়া হলে যুক্তরাষ্ট্র দ্রুত তা জানতে পারত। এর আগেও চীনা প্রেসিডেন্ট শি চিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ইস্যুতে নিরপেক্ষ অবস্থানে রয়েছেন বলে দাবি করেছিলেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্পের এমন মন্তব্য সামনে এলো। যদিও তেহরানের সঙ্গে মস্কো ও বেইজিংয়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপকে দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে নিন্দা জানিয়ে আসছে চীন।

