প্রধান খবর

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় এক মাদকাসক্ত ছেলের নৃশংস ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী সরদার আলী। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে যেতে সক্ষম হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে নিজ বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মুত্তাকীন আলম শোভন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়লে পরিবারের উদ্যোগে তাকে বগুড়ার একটি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) পাঠানো হয়। সেখানে দীর্ঘ প্রায় দুই বছর থাকার পর সম্প্রতি তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

তবে বাড়িতে ফেরার পর তিনি আবারও পুরোনো অভ্যাসে আসক্ত হয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে ওই নিরাময় কেন্দ্রের লোকজন শোভনকে পুনরায় ফিরিয়ে নিতে তাদের বাড়িতে আসে। বিষয়টি বুঝতে পেরে ক্ষিপ্ত হয়ে শোভন ঘরের ভেতর তার মা পারুল বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। মায়ের আত্মচিৎকারে তাকে বাঁচাতে এগিয়ে আসলে বাবা সরদার আলীও ছেলের ছুরিকাঘাতে গুরুতর জখম হন। ঘটনার আকস্মিকতায় মা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অভিযুক্ত ছেলে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন অত্যন্ত দ্রুততার সঙ্গে গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘাতক ছেলেকে গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের একমাত্র সন্তান হয়েও মাদকের করাল গ্রাসে এমন জঘন্য ঘটনায় পুরো এলাকায় শোক ও চরম আতঙ্ক বিরাজ করছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *