চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে নামতে পারে। একই সময়ে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এতে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
আইএমএফের অক্টোবর ২০২৬-এর ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের সম্ভাব্য প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৬ শতাংশ এবং গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৭ শতাংশ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ১ শতাংশ, যা ২০২৭ সালে বেড়ে ৩ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে।
অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়া এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি চাপে পড়তে পারেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ, শিল্প উৎপাদন, ব্যবসা সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে বিশ্বব্যাংকের সাম্প্রতিক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটেও বিনিয়োগ ও কর্মসংস্থানের দুর্বলতা, জ্বালানিসংকট এবং ব্যাংক খাতের ঝুঁকির বিষয়টি উঠে এসেছে। পরিস্থিতি মোকাবেলায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক সামাজিক সহায়তা বৃদ্ধি, ব্যাংক খাতের স্থিতিশীলতা, জ্বালানিনিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

