প্রধান খবর

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: গ্রেপ্তার আরও বাড়ানোর চেষ্টা

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শনিবার সকালে তিনি বলেন, ঘটনায় পুলিশের কোনো অবহেলা ছিল কি না এবং তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের এক দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধে জড়িত যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলার ঘটনা ঘটে। পরদিন ক্লিনিকের নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন।

ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভেতরে প্রবেশ করে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা ও নগদ টাকা লুট করে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *