প্রধান খবর

পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে মাত্র তিন বছর বয়সী এক জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের করুণ মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। কোমলমতি শিশুটির এই আকস্মিক প্রয়াণে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

নিহত দ্বীপ শীল উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে। বয়স মাত্র তিন বছর তিন মাস হলেও চাচার সঙ্গে নানামুখী বিনোদনমূলক ও সৃজনশীল ভিডিওতে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেছিল সে। মিষ্টি ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে অল্প সময়ের মধ্যেই নেটিজেনদের কাছে অত্যন্ত প্রিয় মুখ হয়ে উঠেছিল শিশু দ্বীপ।

স্বজনদের সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক দুইটার পর থেকে দ্বীপকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে বাড়ির পেছনের পুকুরে শিশুটিকে ভেসে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার প্রাণপ্রদীপ নিভে যায়।

দ্বীপের কাকা বিপ্লব শীল পেশায় একজন সহকারী শিক্ষক এবং শিক্ষকতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সৃজনশীল কনটেন্ট তৈরি করে থাকেন। গত কয়েক মাস যাবৎ ভাতিজা দ্বীপকে সাথে নিয়ে তৈরি করা তাঁর ভিডিওগুলো দর্শকদের নজরে আসে এবং ব্যাপকভাবে জনপ্রিয় হয়। শিশুটির এমন চঞ্চল উপস্থিতি সবাইকে মুগ্ধ করতো।

স্থানীয় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার নিশ্চিত করেছেন যে, পানিতে ডুবে তিন বছর বয়সী ওই শিশুর মৃত্যু হয়েছে এবং পরবর্তীতে পারিবারিকভাবে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। প্রিয় শিশুটিকে হারিয়ে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *