সিগারেট, ওষুধ ও মোবাইল ফোনসহ দেশের গুরুত্বপূর্ন ১১টি ব্যবসায়িক খাতে অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট অনুবিভাগ শাখা থেকে এই নির্দেশনাসংবলিত এক বিশেষ আদেশ জারি করা হয়েছে। কর ব্যবস্থা ডিজিটালাইজেশন ও রাজস্ব আদায় নিশ্চিত করতেই এনবিআরের এই সিদ্ধান্ত।
আদেশ অনুযায়ী, এখন থেকে নির্দেশিত ১১টি খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ই-ভ্যাট পোর্টালের (eVAT portal) মাধ্যমে অনলাইনে দাখিলপত্র জমা দিতে হবে। নতুন নিয়ম বাস্তবায়িত হওয়া খাতগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী খাত এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত।
এনবিআরের আদেশে উল্লেখ করা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার (৫) উপধারা এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-তে প্রাপ্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লিখিত পণ্যগুলোর উৎপাদনকারী এবং সেবা খাতগুলোর ক্ষেত্রে সরবরাহকারীদের জন্য পোর্টালে ডিজিটাল রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। কোনো নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই তালিকাভুক্ত পণ্য ও সেবার পাশাপাশি অন্য কোনো ব্যবসা বা সরবরাহের সঙ্গেও যুক্ত থাকেন, তবে তার ক্ষেত্রেও এই একই নিয়ম বলবৎ থাকবে।
রাজস্ব বোর্ড থেকে জানানো হয়েছে, এই নির্দেশনার ফলে অনলাইনে রিটার্ন দাখিল সংক্রান্ত পূর্বে জারি করা সব ধরনের পুরোনো আদেশ বা নিয়ম বাতিল বলে গণ্য হবে। তা ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড সময়ে সময়ে এই খাতগুলোর তালিকায় প্রয়োজনীয় সংশোধন, সংযোজন বা বিয়োজন করার পূর্ণ অধিকার ও ক্ষমতা সংরক্ষণ করে। জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

