প্রধান খবর

অপ্রতিম হত্যা : আদালতে ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। তবে রিমান্ড শুনানির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিচারকের কোনো আদেশ পাওয়া যায়নি।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আসামিদের কুমিল্লা আমলি আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর এই হত্যা মামলায় গ্রেপ্তার আসামিরা জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাঁদের চিন্তাভাবনা করার জন্য নিয়ম অনুযায়ী ৩ ঘণ্টা সময় বেঁধে দেন ম্যাজিস্ট্রেট।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু জানান, অপ্রতিম হত্যা মামলাটি অত্যন্ত স্পর্শকাতর ও চাঞ্চল্যকর। আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেওয়ার সম্মতি জানানোয় আইনগত প্রক্রিয়া মেনেই জবানবন্দি রেকর্ডের ব্যবস্থা করা হচ্ছে।

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মো. সিয়াম (১৯) নামের আরও এক যুবককে আটক করা হয়েছে, যার সংশ্লিষ্টতা যাচাই করে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে তার মরদেহ উদ্ধারের পর তা হত্যা মামলায় রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *