২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা আজ রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। সাক্ষাৎকালে শহীদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপ্রধান শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে নেওয়া নানা পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে নেওয়া কার্যক্রমগুলো যেন যথাযথভাবে বাস্তবায়ন করা হয়, সে বিষয়ে জোর দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান তাঁরা।
সৌজন্য সাক্ষাতের একপর্যায়ে পরিবারের সদস্যরা সরকারি গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহীদের নাম খচিত একটি ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর রেপ্লিকা রাষ্ট্রপতির হাতে উপহার হিসেবে তুলে দেন।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশকে স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যাঁরা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন, জাতি তাঁদের এই অসামান্য আত্মত্যাগ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তিনি শহীদ পরিবারগুলোর সার্বিক কল্যাণ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
আলোচনা শেষে রাষ্ট্রপতি জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন। হৃদয়গ্রাহী ও অর্থবহ এই সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

