ভাত চুরির অপবাদ দিয়ে খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেনকে নির্যাতনের পর তার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে তাকে মেসের ছাদে নিয়ে আবারও মারধর করা হয়। একপর্যায়ে চারতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।
মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা হলসংলগ্ন একটি মেসে মিল না দিয়ে খাবার খাওয়াকে কেন্দ্র করে আজমুলকে খাবার চুরির অপবাদ দেওয়া হয়। এরপর মেসের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাকে মারধর ও নির্যাতন করেন। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয় এবং ছাদে নিয়েও নির্যাতন করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় আজমুলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা কুতুব উদ্দিন বাদী হয়ে হরিণটানা থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
হরিণটানা থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে। মামলায় চারজনের নাম থাকলেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, গুরুত্বসহকারে তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। তবে রোববার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

