রাঙামাটির কাপ্তাই উপজেলায় ঘুরতে গিয়ে কর্ণফুলী নদীর পানিতে তলিয়ে সাজিদ শাহরিয়ার সানম (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। দীর্ঘ ৩ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে কাপ্তাই ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর যৌথ ডুবুরি দল নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে।
নিহত সানম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী ও ঢাকা থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল রবিবার সকালে কাপ্তাই পৌঁছায়। একজন স্থানীয় গাইডকে সঙ্গে নিয়ে তাঁরা সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড় ভ্রমণ শেষে দুপুর দেড়টার দিকে সীতার ঘাট অংশে কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় হাত-মুখ ধোয়ার জন্য নদীতে নামেন তাঁরা। এ সময় প্রবল স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান সানম।
নিহতের সহপাঠী ও বন্ধু সাইফুল ইসলাম জানান, সীতার পাহাড় থেকে নেমে তাঁরা হাত-মুখ ধুতে ঘাটে নামার পর মুহূর্তের মধ্যেই সানম স্রোতে তলিয়ে যায়। সঙ্গীরা প্রাণপণে চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান জানান, কাপ্তাইয়ের সীতার ঘাটে নিখোঁজের পর বিকেল ৪টা ৪০ মিনিটে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় আইনি ও চিকিৎসাসংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য মরদেহটি নিকটস্থ হাসপাতালে পাঠায় পুলিশ।

