বহুসাংস্কৃতিক বৈচিত্র্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের বার্তা নিয়ে সিডনির মিন্টোর রেডফার্ন পার্কে (Redfern Park) অত্যন্ত চমৎকার ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Feast Campbelltown 2026’। শনিবার (১৯ সেপ্টেম্বর) ক্যাম্পবেলটাউন অঞ্চলে বসবাসরত ৪০টিরও বেশি সংস্কৃতির মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন এক অসামান্য সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।
দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই উৎসবে দর্শনার্থীরা বিশ্বের নানা দেশের ঐতিহ্যবাহী খাবার ও পানীয় টেস্ট করার পাশাপাশি লাইভ সংগীত, নৃত্য ও মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করেন। আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন দেশের নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত চোখধাঁধানো আন্তর্জাতিক পতাকা শোভাযাত্রা, যা পুরো উৎসব প্রাঙ্গণে এক ভিন্ন আবহ তৈরি করে।
অনুষ্ঠানে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরী উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এ সময় কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশসহ কাউন্সিলের অন্যান্য প্রতিনিধি, স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংস্কৃতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে ডেপুটি মেয়র বহুসাংস্কৃতিক এই অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের সম্প্রীতি ও বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, ২০১৭ সালে তৎকালীন কাউন্সিলর মাসুদ চৌধুরীর উদ্যোগে কাউন্সিলে মোশন পাসের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়, যা এখন নিয়মিত উদযাপিত হচ্ছে।
উৎসবের অংশ হিসেবে শিশুদের জন্য ছিল বিশেষ আয়োজন ‘Children’s Activity Trail’। রন মুর কমিউনিটি হলে আয়োজিত এই সেশনে শিশুরা জাপানিজ কালচারাল ওয়ার্কশপ, ক্লে ওয়ার্কশপ, ম্যান্ডালা আর্ট, ভিআর এক্সপেরিয়েন্স ও অ্যারাবিক ড্রামিংসহ নানা রকম সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেয়। সেই সঙ্গে বড়দের জন্যও ছিল বিনামূল্যে মেহেন্দি ও পরিবেশ সচেতনতামূলক স্টল। সংস্কৃতি ও ঐতিহ্য বিনিময়ের মাধ্যমে ‘Feast Campbelltown 2026’ শেষ হলেও এটি প্রবাসী ও স্থানীয়দের মাঝে গভীর ইতিবাচক প্রভাব রেখে গেছে।

