প্রধান খবর

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি স্পষ্ট জানান, শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন বলে রাজনীতিতে যে গুঞ্জন চলছে, তাতে সরকারের কোনো বাধা নেই; তিনি চাইলে কালই দেশে ফিরতে পারেন। দেশে পা রাখা মাত্রই তাঁকে আইনের আওতায় এনে জোড়া হাতকড়া পরিয়ে আনুষ্ঠানিকভাবে ‘রিসিভ’ করা হবে।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে এক মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কড়া মন্তব্য করেন বিমানমন্ত্রী। অসহায় ও আশ্রয়হীন বৃদ্ধা গোলাপী বেগমের হাতে সরকারের পক্ষ থেকে দেওয়া উপহারের বসতঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

বক্তব্যকালে সাবেক সরকারের আমলের দুর্নীতি ও শাসনের সমালোচনা করে বিমানমন্ত্রী বলেন, বিগত শাসনামলে দেশজুড়ে ব্যাপক লুণ্ঠন ও সম্পদ পাচার করা হয়েছে, যার ফল এখন অপরাধীরা ভোগ করতে পারছে না। দেশের সাধারণ মানুষের ওপর চালানো জুলুম ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের বিচার বাংলাদেশের মাটিতেই সুসম্পন্ন হবে। শেখ হাসিনাসহ বিচার এড়াতে বিদেশে পালিয়ে থাকা সকল আসামিকে দ্রুত দেশে ফিরিয়ে দিতে কূটনৈতিক মাধ্যমে পার্শ্ববর্তী দেশের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত নেতাদের সম্মুখে মন্ত্রী আরও আশ্বাস দেন যে, অচিরেই দেশের মানুষের লুণ্ঠিত অধিকার পুনরুদ্ধার এবং অর্থ পাচারের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা সম্পন্ন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *