প্রধান খবর

তেজগাঁওয়ে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার ১২ জনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৯ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে শুক্রবার তেজগাঁও কলেজ জামে মসজিদে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়। পরে ১২ জনকে গ্রেপ্তার দেখিয়ে তাদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিরা দেশে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা এবং জিহাদের জন্য লোক সংগ্রহ করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে রিমান্ড প্রয়োজন বলে আদালতে জানানো হয়। আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা ‘মিটআপ’ নামে একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য এবং সেখানে উগ্রবাদী কথাবার্তা ও যোগাযোগ করতেন বলে অভিযোগ রয়েছে। তাদের মোবাইল, সিম ও ডিজিটাল আলামত পরীক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যমের কথোপকথন যাচাই এবং পরিকল্পনাকারী ও অর্থের উৎস শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *