কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ১৩ বছরের কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের একমাত্র সন্তানের ছবি তোলার এই অদম্য শখ যে তার জীবনপ্রদীপ নিভিয়ে দেবে, তা মেনে নিতে পারছেন না কেউই। এ ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় শোবিজ তারকারা। একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
ঘটনার পর জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ তার ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন। অপ্রতিমের ছবির দিকে তাকাতে পারছেন না উল্লেখ করে তিনি লেখেন, “বাবা হওয়ার পর কোনো শিশুর এমন করুণ খবর দেখলে নিজের সন্তানের মুখই চোখের সামনে ভেসে ওঠে। একটি সন্তান ছবি তুলতে গিয়ে আর ঘরে ফিরল না-একজন বাবা-মায়ের জন্য এর চেয়ে ভয়ংকর সংবাদ আর কিছু হতে পারে না।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সততার সঙ্গে সত্যকে উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানান।
অভিনেত্রী পূজা চেরীও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি লেখেন, “একটি মায়ের একমাত্র সন্তান এবং পুরো পরিবারের স্বপ্ন এভাবে অকালে হারিয়ে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন একটি অকালমৃত্যু কেবল একটি পরিবারকেই নয়, গোটা সমাজকেই গভীরভাবে রক্তাক্ত করে।” পূজা ঈশ্বর বা সৃষ্টিকর্তার কাছে শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার প্রার্থনা জানান এবং ঘাতকদের শনাক্ত করে কঠোর আইনের আওতায় আনার আহ্বান জানান।
অন্যদিকে, আরেক বিশিষ্ট অভিনেতা ইরফান সাজ্জাদ তার পোস্টে শোক প্রকাশের পাশাপাশি সমাজের নিরপত্তা ব্যবস্থার ওপর ক্ষোভ উগরে দেন। একটি নিরীহ শিশুর এমন করুণ পরিণতি অত্যন্ত বেদনার উল্লেখ করে তিনি দেশের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেন। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকাদের এই সরব প্রতিবাদে অপ্রতিম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি আরও বেগবান হয়েছে।

