বগুড়ার তিনমাথা এলাকায় একটি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনায় অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হয়েছেন।
ফিলিং স্টেশনের কর্মকর্তা ও স্থানীয়রা জানান, দুপুর সোয়া ১টার দিকে গ্যাস প্ল্যান্টের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওই সময় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা গ্যাস নিচ্ছিল। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে তারা আহত হন।
বিস্ফোরণে গ্যাস প্ল্যান্টের ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে নিরাপত্তা দেয়াল, ট্যাংকসহ বিভিন্ন স্থাপনা। আগুনে কয়েকটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গ্যাস রিফিলের স্থানে বিস্ফোরণ ঘটেছে, তবে এর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

