গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় আধিপত্য বিস্তার করতে দুর্বৃত্তরা একাধিক গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। শনিবার দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরীর বাসন ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাসন এলাকার ম্যানল ফ্যাশন গার্মেন্টস থেকে ক্রয় করা ঝুট একটি ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। পথে ঝুটবোঝাই ট্রাক ও ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, খান ট্রেডিংয়ের প্রোপ্রাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশনের ঝুট ক্রয়-বিক্রয়ের চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী ঝুট নিতে গেলে তারা অতর্কিত হামলার শিকার হন।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র বিশেষ করে রামদা নিয়ে আক্রমণ চালায়। কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। হামলাকারীরা একটি মোটরসাইকেলেও আগুন দেয়।
গাছা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

