রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে গোলাগুলিতে কছমিতা ত্রিপুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তার হাত থেকে গুলি বের করা হয়।
আহত কছমিতা মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ার অলেন্দ্র ত্রিপুরার মেয়ে। সে মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত তিন দিন ধরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে গোলাগুলি চলছে।
স্থানীয় কার্বারী মতেন্দ্র ত্রিপুরা বলেন, সংঘাতের কারণে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। জুমচাষিরা কাজে যেতে পারছেন না, চলাচলও ব্যাহত হচ্ছে। হাটবাজার করতে না পারায় এলাকায় খাদ্যসংকট দেখা দিয়েছে। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, গুলিবিদ্ধ শিশুর ছবি পেয়েছেন, তবে এখনো তাকে পাননি।

