জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
মন্ত্রী জানান, আগামী ৯ মার্চ আরও দুটি ভেসেল দেশে পৌঁছাবে। পাশাপাশি বাজারে অস্থিরতা বা কৃত্রিম সংকট রোধে রবিবার থেকেই ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট মাঠে নামবে।
তার ভাষায়,“মানুষের মধ্যে যে প্যানিক তৈরি হয়েছে তার কোনো যুক্তি নেই। সরকার বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের চেষ্টা করছে। তেলের কোনো অভাব নেই।”
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। এ কারণেই সরকার রেশনিং ব্যবস্থা চালু করেছিল। কিন্তু অনেকেই রেশনিংকে ভুলভাবে ব্যাখ্যা করে অতিরিক্ত তেল মজুত করতে শুরু করেছেন, যা অপ্রয়োজনীয় চাপ তৈরি করছে।
মন্ত্রী গণমাধ্যমের প্রতি আহ্বান জানান:“জনগণকে বার্তা দিন, তাড়াহুড়া করে তেল কেনার দরকার নেই। পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে এবং চলবে। সারারাত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই, মানুষ গেলে তেল পাবে।”

