ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘ দিন নীরব থাকার পর বুধবার (৪ মার্চ) রাতে ফেসবুক লাইভে হাজির হয়ে ভক্তদের সামনে ফিরে এসেছেন। ব্রেন টিউমারের সঙ্গে লড়াই, মৃত্যুভয় এবং অস্ত্রোপচারের কঠিন সময় পেরিয়ে তিনি নিজের বর্তমান শারীরিক অবস্থা ও মানসিক সংগ্রামের কথা খুলে বলেন।
গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। সাধারণত এ ধরনের অপারেশনে ছয়-আট ঘণ্টা সময় লাগে, কিন্তু তার ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই অস্ত্রোপচার শেষ হয়েছে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তিনি প্রথমে তার মাকে খুঁজেছেন এবং ডাক্তারকে জানিয়েছেন যে তিনি ঠিক আছেন।
অস্ত্রোপচারের পর কয়েক দিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন। তানিয়া জানান, ওষুধ সেবনের কারণে তার ওজন কিছুটা বেড়েছে, তবে ব্যায়ামের মাধ্যমে আবার ফিট হবেন। তিনি আরও জানান, ভক্তদের ভালোবাসা ও দোয়া মানসিক শক্তি জুগিয়েছে এবং শিগগিরই অভিনয়ে ফিরতে চান।

