শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। শিশুদের অনলাইন গোপনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রে হওয়া মামলাগুলোর মধ্যে এটি অন্যতম বড় নিষ্পত্তি।
২০২৪ সালে টিকটক ও বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা করে মার্কিন বিচার বিভাগ। অভিযোগে বলা হয়, ১৩ বছরের কম বয়সী বিপুলসংখ্যক শিশুর কাছ থেকে যথাযথ অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন (কপপা) লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
চুক্তি অনুযায়ী, টিকটক ও বাইটড্যান্স তাৎক্ষণিকভাবে মার্কিন বিচার বিভাগকে ৩০ কোটি ডলার দেবে। পরে ২০১৯ সালের একটি সমঝোতা আদেশ প্রত্যাহার হলে আরও ১০ কোটি ডলার দেওয়ার কথা রয়েছে। মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট বলেছেন, মামলাটি শুরুর সময়ের তুলনায় বর্তমানে শিশু ও অভিভাবকেরা বেশি সুরক্ষা পাচ্ছেন।
মার্কিন সরকারের অভিযোগ অনুযায়ী, মামলাটি দায়েরের সময় টিকটকে ১৭ কোটির বেশি কিশোর ব্যবহারকারী ছিল। তবে প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের বয়স যথাযথভাবে যাচাই এবং ১৩ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেয়নি। মামলার পর শিশু ও তরুণ ব্যবহারকারীদের সুরক্ষা এবং গোপনীয়তা নীতিতে টিকটক বেশ কিছু পরিবর্তন আনে।
এর আগে শিশুদের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে ইউটিউব ২০১৯ সালে ১৭ কোটি ডলার এবং এপিক গেমস ২০২২ সালে ২৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিয়েছিল। এদিকে টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমের মালিকানাতেও পরিবর্তন এসেছে। বর্তমানে দেশটিতে টিকটকের কার্যক্রমের ৮১ শতাংশ একটি বিনিয়োগকারী জোটের মালিকানায় এবং বাইটড্যান্সের হাতে রয়েছে ১৯ শতাংশ অংশীদারি।

