প্রধান খবর

‘বডি ডাবল’ পারভেজের অসুস্থ : চিকিৎসার সব নিলেন সালমান খান

দীর্ঘদিনের সহকর্মীদের বিপদে পাশে দাঁড়ানোর নজির ফের নতুন করে গড়লেন বলিউড মেগাস্টার সালমান খান। এবার তাঁর দীর্ঘদিনের বডি ডাবল পারভেজ কাজী গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা ও সার্বিক সহায়তার সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন এই তারকা অভিনেতা। চলতি মাসের শুরুতে পারভেজের হৃদ্‌যন্ত্রে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ আগস্ট নিজ বাড়িতেই হঠাৎ অসুস্থ বোধ করেন পারভেজ। শুরুতে শুটিং সেটে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার গুজব ছড়ালেও পরে তাঁর সহকারী পীযূষ নিশ্চিত করেন যে এটি বাড়িতেই ঘটেছে। চিকিৎসকের কাছে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে দ্রত হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা তাঁর হৃদ্‌যন্ত্রে ছোট একটি অস্ত্রোপচার সম্পন্ন করেন।

পারভেজের শারীরিক অসুস্থতার খবর পাওয়া মাত্রই সাহায্যের হাত বাড়িয়ে দেন সালমান খান। অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার প্রতিটি ধাপে সার্বক্ষণিক খোঁজখবর রাখার পাশাপাশি চিকিৎসা খরচ ও অন্যান্য সহায়তার নিশ্চয়তা দেন তিনি। পারভেজের সহকারী পীযূষ বলেন, “পুরোটা সময় সালমান স্যার আমাদের সঙ্গেই ছিলেন। তিনি পারভেজ স্যারকে নিজের ছোট ভাইয়ের মতো আগলে রাখেন।” বর্তমানে পারভেজ আগের চেয়ে সুস্থ রয়েছেন এবং সালমানের এমন মহানুভবতায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরে সালমানের ডাবল হিসেবে ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘রেস ৩’ ও ‘দাবাং ৩’-এর মতো ব্লকবাস্টার সব চলচ্চিত্রে কাজ করেছেন পারভেজ কাজী। পারভেজের অসুস্থতার কারণে সালমানের নির্মাণাধীন নতুন প্যান-ইন্ডিয়া অ্যাকশন সিনেমা—যার সম্ভাব্য নাম ‘মনস্টার’—সেটির স্টান্ট দৃশ্যের শুটিং সূচিতে কিছুটা রদবদল আনা হয়েছে। জানা গেছে, পারভেজ সম্পূর্ণ সুস্থ হয়ে সেটে না ফেরা পর্যন্ত নির্মাতারা বিশেষ সতর্কতা অবলম্বন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *