প্রধান খবর

ডনের সাত দিনের রিমান্ড চাইল সিআইডি

ঢালিউডের অমর নায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার খল অভিনেতা আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) আসামির উপস্থিতিতে এ বিষয়ে রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা যায়, সিআইডির তদন্তকারী কর্মকর্তা ডনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনে কয়েকটি প্রধান কারণ উল্লেখ করেছেন। এতে বলা হয়েছে, আসামি অত্যন্ত সুচতুর প্রকৃতির হওয়ায় তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহ মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হতে পারে।

এছাড়া বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কার ইন্ধনে তিনি বিদেশে পালানোর চেষ্টা করছিলেন এবং এ ঘটনার পেছনে অন্য কোনো সহযোগী জড়িত রয়েছে কি না, সে তথ্য উদঘাটনে তাকে রিমান্ডে পাওয়া জরুরি। উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরে ঢাকার বিমানবন্দর এলাকা দিয়ে বিদেশে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *