প্রধান খবর

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সমুদ্রে ৩৭ সুদানি অভিবাসীর করুণ মৃত্যু

নিজ দেশের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ ও সহিংসতা থেকে বাঁচতে গিয়ে ভূমধ্যসাগরে এক করুণ ট্র্যাজেডির শিকার হয়েছেন অন্তত ৩৭ জন সুদানি নাগরিক। লিবিয়া থেকে বিপজ্জনক সমুদ্রপথে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করার সময় নৌকাডুবে তাদের মৃত্যু হয়। এক উদ্ধার ও মানবিক সহায়তা কমিটির বিবৃতির বরাতে শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ খবর নিশ্চিত করেছে।

মানবাধিকার ও উদ্ধারকারী সংস্থার বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। তারা সবাই সুদানের যুদ্ধবিধ্বস্ত এলাকা-যেমন এল ফাশের, এল জেনেইনা, নিয়ালা, গেদারেফ, পূর্ব নীল ও বাবানুসাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে জীবন বাঁচানোর তাগিদে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিলেন।

প্রকাশিত বিবৃতিতে প্রাণ হারানো ৩৭ জন সুদানি নাগরিকের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।  নিহতদের মধ্যে রয়েছে মাত্র সাত মাস বয়সী এক নবজাতকসহ ৩, ৬, ৮, ৯, ১২, ১৩ ও ১৬ বছর বয়সী বেশ কয়েকজন শিশু ও কিশোর-কিশোরী। নিরাপদ ভবিষ্যতের আশায় স্বজনদের হাত ধরে অনিশ্চিত যাত্রায় নেমে ভূমধ্যসাগরের বুকে তাদের জীবনের সলিলসমাধি ঘটে।

সুদানে চলমান গৃহযুদ্ধ থেকে বাঁচতে প্রতিনিয়তই হাজার হাজার মানুষ সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন। লিবিয়ার উপকূল ব্যবহার করে দালালদের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায়শই এমন মারাত্মক প্রাণহানির ঘটনা ঘটছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো এই অব্যাহত মানবসম্পদ ধ্বংস এবং সুদান সংকটের টেকসই সমাধানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *