প্রধান খবর

সিডনিতে ‘বাংলাদেশ নাইট ২০২৬’: রুনা লায়লাকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম জনপ্রিয় ও প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘বাংলাদেশ নাইট ২০২৬’ ঘিরে সিডনিতে বইছে আনন্দ উৎসবের আমেজ। ‘লিসেন ফর’-এর আয়োজনে এবং ‘সোলার পাওয়ার ন্যাশন’-এর নিবেদনে আগামী ১ আগস্ট (শনিবার) সিডনির বিখ্যাত নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজিত হতে যাচ্ছে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি। আন্তর্জাতিক মানের এই ভেন্যুতে এবারই প্রথম কোনো বাংলাদেশি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের মেগা ইভেন্টের মূল আকর্ষণ উপমহাদেশের বরেণ্য ও কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। উৎসবকে কেন্দ্র করে গত ২৯ জুলাই সিডনিতে পৌঁছেছেন দীর্ঘ সংগীতজীবনে অজস্র কালজয়ী গান উপহার দেওয়া এই প্রখ্যাত শিল্পী। তাঁর উপস্থিতি ও লাইভ পরিবেশনা উপভোগ করতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও উন্মাদনা দেখা গেছে।

রুনা লায়লা ছাড়াও বাংলাদেশ নাইটের মঞ্চ মাতিয়ে তুলবেন বাংলাদেশের একঝাঁক জনপ্রিয় ও খ্যাতনামা শিল্পী-আলেয়া বেগম, পিন্টু ঘোষ, ইমন চৌধুরী, মিঠুন চক্র এবং মৃধা শিবলু। লোকসংগীত, আধুনিক বাংলা গান, ফিউশন ও লাইভ ব্যান্ডের মেলবন্ধনে এক চমৎকার সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেওয়ার প্রস্তুতি নিয়েছেন তাঁরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জনপ্রিয় মুখ ‘দ্য ফ্ল্যাগ গার্ল’ প্রিয়তা ইফতেখার।

উল্লেখ্য, লিসেন ফর আয়োজিত ‘বাংলাদেশ নাইট’ পথচলার ১০ বছর পূর্তি উদ্‌যাপন করছে। গত এক দশকে এই আয়োজনটি কেবল সাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি; বরং অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসীদের ঐতিহ্য, সংস্কৃতি, সুর ও সামাজিক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়েছে। আয়োজকদের আশা, এই বর্ণাঢ্য অনুষ্ঠান অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশের কৃষ্টি ও সমৃদ্ধ শিল্প-সংস্কৃতিকে এক অনন্য উচ্চতায় উন্নীত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *