রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় একটি সেলুনে বিস্ফোরণে দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৫ জুলাই) সকালে তিনি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এবং আহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে ঘটে যাওয়া বিস্ফোরণে ১০ জন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের শ্বাসনালী পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকিদেরও নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

