বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যাচটিকে অনেকেই ‘ফাইনালের আগেই ফাইনাল’ হিসেবে দেখছেন।
ফ্রান্সের আক্রমণভাগের নেতৃত্বে রয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। তার সঙ্গে রয়েছেন মাইকেল ওলিসে, ওসমানে দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও ডিসায়ার ডুয়ের মতো তারকা ফুটবলার। অন্যদিকে, লুইস ডি লা ফুয়েন্তের অধীনে বল দখলভিত্তিক ফুটবল ও সংগঠিত রক্ষণে ভর করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন।
পরিসংখ্যান বলছে, দুই দলের মধ্যে এখন পর্যন্ত ৩৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে স্পেন জয় পেয়েছে ১৮টিতে, ফ্রান্সের জয় ১৩টিতে এবং ৭টি ম্যাচ ড্র হয়েছে। এছাড়া ২০২২ বিশ্বকাপে জাপানের বিপক্ষে হারের পর থেকে টানা ১৪ ম্যাচে অপরাজিত রয়েছে স্পেন, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
তবে বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ে কিছুটা এগিয়ে রয়েছে ফ্রান্স। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোতে দুই দলের একমাত্র বিশ্বকাপ সাক্ষাতে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ফরাসিরা। ফলে এবারও দুই ইউরোপিয়ান শক্তির লড়াইয়ে জমে উঠতে যাচ্ছে ফাইনালে ওঠার মহারণ।

