ময়মনসিংহের ফুলপুর উপজেলার একটি বাসা থেকে বিজয় পাল (২১) নামে এক ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, ভোরে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।
নিহত বিজয় পাল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া কয়েকটি পোস্টে মানসিক কষ্ট ও বিষণ্নতার ইঙ্গিত পাওয়া গেছে। তবে ওই পোস্টগুলোর সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

