প্রধান খবর

কানে হেডফোন দিয়ে মোবাইলে ফুটবল ম্যাচ দেখা : উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের করুণ মৃত্যু

কানে হেডফোন গুঁজে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে মোবাইলের পর্দায় ফুটবল খেলায় মগ্ন ছিলেন। আর এই অসাবধানতাই ডেকে আনল চরম পরিণতি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় রুবেল মোল্লা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মতে, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার সময় কানে হেডফোন থাকায় ট্রেন আসার শব্দ টের পাননি তিনি।
আজ রোববার (১২ জুলাই) সকালে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেটের বর্ধনগাছা এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল মোল্লা উপজেলার বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন রুবেল। ওই সময় তার কানে হেডফোন লাগানো ছিল এবং তিনি মোবাইল ফোনে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করছিলেন। ঠিক তখনই রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি বর্ধনগাছা এলাকা অতিক্রম করছিল। খেলায় বুঁদ হয়ে থাকা ও কানে হেডফোন থাকার কারণে ট্রেনের তীব্র হর্ন বা লাইনের কম্পন কোনো কিছুই টের পাননি রুবেল। চোখের পলকে দ্রুতগতির ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিহতের দাদা সানেয়ার হোসেন জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় রুবেল হেডফোন কানে দিয়ে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিল। অসাবধানতার কারণেই চোখের পলকে ট্রেনটি এসে তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *