প্রধান খবর

সাতক্ষীরা সীমান্তে বিজিবির গুলি, পালিয়ে গেল দুই ভারতীয়

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান চালানোর সময় দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির দাবি, এ ঘটনায় কেউ আহত হয়নি।

বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল লক্ষ্য করা হয়। তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও তারা নির্দেশ অমান্য করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং নিরাপত্তার স্বার্থে ও পালিয়ে যাওয়া ঠেকাতে সতর্কতামূলক গুলি ছোড়েন। এতে সন্দেহভাজন দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড় অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। ঘটনার পর এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *