প্রধান খবর

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ভারতের উপকূল

বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটের দিকে আঘাত হানা এ ভূমিকম্পের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনমসহ আশপাশের কয়েকটি এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কম্পন বিশাখাপত্তনমের গাজুওয়াকা, মাঙ্গালাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালতাইর, আরিলোভা, এমভিপি কলোনিসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

এছাড়া অনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসীমা জেলার কয়েকটি এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (ইনকয়েস) জানিয়েছে, এটি একটি মৃদু ও অগভীর ভূমিকম্প হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল না।

বিশেষজ্ঞদের মতে, সংশ্লিষ্ট অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে তুলনামূলক স্থিতিশীল। তাই এ ধরনের মৃদু ভূমিকম্পে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে সতর্কতা ও প্রস্তুতি অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *