ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারক কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের পরই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গালিবাফ স্পষ্ট ভাষায় বলেছেন একপাক্ষিক চুক্তির যুগ শেষ, এবং যুক্তরাষ্ট্রকে প্রতিটি পদক্ষেপের মূল্য দিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লিখেছেন, একপাক্ষিক চুক্তির দিন শেষ। আমরা আগেই বলেছিলাম, কথা রাখুন, নইলে মূল্য দিতে হবে। বাস্তবতা দরজায় কড়া নাড়ছে। পোস্টটির সঙ্গে তিনি সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদের একটি ছবি যুক্ত করেন, যেখানে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি উল্লেখ রয়েছে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, হরমুজ প্রণালি খুলতে ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। গালিবাফ এই অংশটি বিশেষভাবে হাইলাইট করেন।
এদিকে আইআরজিসি জানিয়েছে, অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। তাদের বিবৃতির প্রায় এক ঘণ্টা পর স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্র হামলা শুরু করে। ইরান আগেই সতর্ক করেছিল, কন্টেইনার জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে ‘শত্রুদের নতুন ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

