দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ১১ জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর এই জেলাগুলোতে বিজিবির বিশেষ দল কাজ করছে। রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পানিবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বিজিবির উদ্ধারকারী দল নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি কর্মহীন ও অসহায় মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিজিবির মেডিকেল টিমও মাঠে রয়েছে, যারা জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করছে।
বিজিবি সদরদপ্তর জানিয়েছে, সংকটময় এই মুহূর্তে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রতিটি রিজিয়ন ও ব্যাটালিয়নকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।

