ঢাকার অলিগলি থেকে প্রধান সড়ক সব জায়গাই আজ পানিতে ডুবে ছিল। গত রাত থেকে রোববার বিকেল পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টি কার্যত অচল করে দিয়েছে রাজধানীকে। দিনভর জলাবদ্ধতার কারণে শহরের বড় অংশ পানির নিচে থাকায় জনজীবন স্থবির হয়ে পড়ে। রাস্তায় জমে থাকা পানিতে বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। কোথাও সিএনজি ও গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় চালকদের ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। রিকশা ও ভ্যানচালকরা বাড়তি ভাড়া হাঁকলেও পানি এত বেশি থাকায় অনেক রাস্তায় তারাও চলাচল করতে পারেননি। দোকানপাটে পানি ঢুকে মালামাল নষ্ট হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা তড়িঘড়ি করে জিনিসপত্র উঁচু জায়গায় সরিয়ে রেখেছেন।
মিরপুরের বাসিন্দা ও বেসরকারি চাকরিজীবী আরিফুল ইসলাম জানান, সকালে অফিসে বের হয়ে মনে হয়েছে রাস্তা নয়, যেন খাল পার হচ্ছেন। কোথায় ম্যানহোল আছে, কোথায় গর্ত কিছুই বোঝার উপায় ছিল না। কাপড়, জুতা সব ভিজে গেছে। তার অভিযোগ, প্রতিবার বর্ষায় একই দুর্ভোগ পোহাতে হয়। উন্নয়নের নানা কথা শোনা গেলেও বৃষ্টি হলেই ঢাকার বড় অংশ পানির নিচে চলে যায়।
রাজধানীর বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে জলাবদ্ধতা, যানজট, ভোগান্তি এবং জনজীবনের অচলাবস্থা। নগরবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

