প্রধান খবর

বাংলাদেশে বন্যা ও ভূমিধ্বসে ব্যাপক প্রাণহানি : পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের (ভূমিধ্বস) ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া মুহাম্মদ শেহবাজ শরিফ। বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে সে দেশের সরকার ও জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

এক বিশেষ শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর তাকে গভীরভাবে মর্মাহত করেছে। এই দুঃসময়ে পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সহমর্মিতা জানান তিনি।

শেহবাজ শরিফ তার বার্তায় উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন ও চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশ সরকার এবং সাধারণ জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি রয়েছে। একই সঙ্গে তিনি দুর্যোগে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ প্রার্থনা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতেও বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অত্যন্ত সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে। এবারও বাংলাদেশ সরকার ও এ দেশের আপামর জনতা দ্রুত এই বিপর্যয় ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *