ভেনেজুয়েলায় গত ২৪ জুন সংঘটিত জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। শনিবার দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, এখনো ৩১৫টি মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সরকারি তথ্যানুযায়ী, ভূমিকম্পে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনে পৌঁছেছে এবং এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রায় ১৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সরকার জানিয়েছে, দুর্যোগে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে অথবা মারাত্মক কাঠামোগত ক্ষতির শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে প্রায় ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে ওসমা ও চুসপা শহরে ৪০টি আবাসন প্রকল্পের জন্য প্রায় ৫ লাখ ৮৪ হাজার বর্গমিটার জমি নির্ধারণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আগামী সপ্তাহে পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রথম ধাপে ২০০টি নতুন বাড়ি হস্তান্তর করবেন। এদিকে, সরকার জানিয়েছে, জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা থাকা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

