প্রধান খবর

জাপানে শক্তিশালী টাইফুনের আশঙ্কা, ১৬ লাখ মানুষকে সরানোর নির্দেশ

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে ১৬ লাখেরও বেশি মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইবারাকি, চিবা, টোকিও, কানাগাওয়া ও শিযুওকা অঞ্চলের ৬ লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টোকিওর পূর্বে চিবা প্রিফেকচারের সোদেগাউরা শহরে প্রায় ৪০ হাজার বাসিন্দার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের ঢালু এলাকা এড়িয়ে অপেক্ষাকৃত উঁচু স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

টাইফুনের প্রভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় জাপানে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। সোদেগাউরায় ভূমিধসের ঘটনায় আটকা পড়া পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া টেপকো পাওয়ার গ্রিড জানিয়েছে, টাইফুনের প্রভাবে প্রায় ৫০ হাজার ৮৯০ পরিবার বিদ্যুৎবিহীন রয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে টোকিওসহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ প্রতিরোধ সংস্থা বাসিন্দাদের বেসমেন্টে অবস্থান না করার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে গিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *