সারাদেশে রমজান মাসে সরকারি-বেসরকারি সব নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ রোববার (১৫ ফেব্রুয়ারি) ১৮ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান সারাদেশের নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। আদালত শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ বাস্তবায়ন করার জন্য বলা হয়েছিল। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
রমজানে স্কুল বন্ধ রাখার রিটে বলা হয়েছিল, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার রীতি রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজানে খোলা রাখার সরকারি সিদ্ধান্ত অসাংবিধানিক এবং শিশু-কিশোরদের ক্লান্ত করে, রোজা পালনকে প্রভাবিত করে। এছাড়া স্কুল খোলা থাকলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা নগরবাসীর জন্য অস্বস্তিকর।

