দূরপাল্লার হামলার সক্ষমতা জোরদার করতে বিদ্যমান ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি সমন্বয় করে নতুন ধরনের শক্তিশালী হাইব্রিড ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব আধুনিক ক্ষেপণাস্ত্র আগের তুলনায় আরও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের (সিটিপি) সাম্প্রতিক বিশ্লেষণে ইরানের এই সামরিক সক্ষমতা বৃদ্ধির তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠান দুটির দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সম্প্রতি তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রকাশ করেছে।
বিশ্লেষকদের মতে, ইরান বিদ্যমান ক্ষেপণাস্ত্রের শক্তিশালী চালনাব্যবস্থা এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঠিক আগে গতিপথ পরিবর্তনে সক্ষম প্রযুক্তির সমন্বয়ে নতুন সংস্করণ তৈরি করছে। এর ফলে ক্ষেপণাস্ত্রের গতি ও আঘাতের নির্ভুলতা যেমন বাড়বে, তেমনি প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময়ও কমে আসবে।
আইএসডব্লিউর বিশ্লেষণে বলা হয়েছে, ‘হজ কাসেম’ ক্ষেপণাস্ত্রের চালনাব্যবস্থার সঙ্গে ‘খাইবার শেকান’, ‘খাইবার শেকান-২’ ও ‘ফাত্তাহ-১’ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির সমন্বয়ে নতুন সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছে তেহরান। তবে দেশটির বর্তমান উৎপাদন সক্ষমতা দিয়ে ব্যাপক হারে এসব ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব কি না, তা এখনো স্পষ্ট নয়।
এর আগে ইরানের কয়েকটি সামরিক ঘাঁটিতে নতুন স্থাপনা নির্মাণ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ভূগর্ভে সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের চিত্রও সামনে আসে। বিশেষ করে শাহরুদ এলাকার একটি স্থানে চলমান খননকাজকে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সম্ভাব্য প্রস্তুতি হিসেবে দেখছেন সিআইএর এক বিশ্লেষক।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি করলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দুই দেশের মধ্যকার উত্তেজনা কমেনি। চলতি নভেম্বরের মাঝামাঝি সময়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসন মোকাবিলায় তেহরান তাদের সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে।

