প্রধান খবর

বিস্ফোরক মামলায় সাবেক এমপি আনারের মেয়ে ডরিনের তিন দিনের রিমান্ড

যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা অভিযোগ করেন, ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

মামলার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে। পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়।

এর আগে বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডিবি ডরিনকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *