সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত অর্থ ছাপানোর পথ বন্ধ করতে আইন পাস করেছে আর্জেন্টিনা। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে দেশটির আইনসভা এই সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আর্জেন্টিনার পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে বিধিনিষেধ আরোপসংক্রান্ত একটি বিলে চূড়ান্ত অনুমোদন দেয়। নতুন আইনে কেন্দ্রীয় ব্যাংকের ‘প্রধান ও মৌলিক দায়িত্ব’ হিসেবে দেশটির মুদ্রার মূল্যমান স্থিতিশীল রাখার বিষয়টি নির্ধারণ করা হয়েছে।
অতীতে আর্জেন্টিনার বিভিন্ন সরকারের আমলে সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত অর্থ ছাপাত। অর্থনীতিবিদদের মতে, এ ধরনের পদক্ষেপ দেশটিতে উচ্চ মূল্যস্ফীতি উসকে দিতে ভূমিকা রেখেছিল; ২০২৩ সালে আর্জেন্টিনায় মূল্যস্ফীতি ২০০ শতাংশ ছাড়িয়ে যায়।
লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারি ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ২০২৩ সালে ক্ষমতায় আসেন উদারপন্থি অর্থনীতিবিদ হাভিয়ের মিলেই। তাঁর সরকারের সময়ে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য মাত্রায় কমলেও একই সঙ্গে দারিদ্র্যের হার বেড়েছে বলে জানা গেছে। পাশাপাশি সাম্প্রতিক মাসগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় আর্জেন্টিনা মন্দার দিকে এগোচ্ছে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদদের একাংশ।
কেন্দ্রীয় ব্যাংকসংক্রান্ত বিলটি অনুমোদনের পর প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, এর মধ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে প্রায় দুই দশকের রাজনৈতিক হস্তক্ষেপের অবসান ঘটল।

